ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

রাজধানীর বিভিন্ন সড়কে চলছে ভাড়া-নৈরাজ্য, চারদিকে ক্ষোভ ও হতাশা

ডিজেলের মূল্য বাড়ানোর প্রতিবাদে পরিবহন মালিকদের ডাকা ধর্মঘট শেষ হয়েছে গণপরিবহনের ভাড়া বৃদ্ধির মধ্য দিয়ে। সোমবার থেকে নতুন ভাড়ায় পরিবহন চলাচল শুরু হলেও রাজধানীর বিভিন্ন সড়কে চলছে ভাড়া-নৈরাজ্য। নির্ধারিত ভাড়ার অতিরিক্ত আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে।


এদিকে দেশে গণপরিবহনের ভাড়া বাড়ানোর সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া ও অসন্তোষ দেখা দিয়েছে সাধারণ যাত্রীদের মাঝে। সোমবার সকালে সংবাদ সম্মেলন করে যাত্রীবান্ধব ভাড়া পুনঃনির্ধারণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।


সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী একে মালিকদের স্বার্থরক্ষার জন্য নির্ধারিত বলে অভিযোগ করে বর্ধিত ভাড়া প্রত্যাখ্যান করেন।


অপরদিকে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে ঘুরে দেখা যায়, ঢাকা সিটির সবগুলো রুটেই ভাড়া বাড়ানো হয়েছে। মিরপুর-গুলিস্তানে ভাড়া যেখানে আগে ছিল ২৫টাকা, সেটি এখন ৩৫ টাকা নেওয়া হচ্ছে।


ভাড়া বাড়ানোয় যাত্রীদের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা গেছে। যাত্রীরা বলছেন, তাদের আয় বাড়েনি, কিন্তু ভাড়া বেড়েছে, অন্যান্য খরচ বেড়েছে। এটি তাদের ওপর একটি বিশাল চাপ তৈরি করেছে।


যাত্রীদের অনেকে অভিযোগ করেছেন, এখন সব বাসই নিজেদের ডিজেল চালিত দাবি করে বাড়তি ভাড়া নিচ্ছে। সরকার বলেছে, সিএনজিচালিত পরিবহনের ভাড়া বাড়ানো হবে না।


এখন যাত্রীরা বলছেন, কোন বাস ডিজেলচালিত না সিএনজিচালিত সেটি বাইরে থেকে দেখে প্রমাণ সম্ভব হয় না। ফলে সরকারের উচিত এটি নিশ্চিত করে বাসে মার্ক করে দেয়া বা স্পষ্ট উল্লেখ করে দেয়া।


অন্যদিকে বর্ধিত ভাড়ার কোন চার্টও এখনো বাসে বা টার্মিনালে দেয়া হয়নি, এটিও যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করেছে। গণপরিবহনের ভাড়া বৃদ্ধি সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার জারি করা হলেও, রবিবার রাতে ধর্মঘট উঠে যাওয়ার পর থেকে নতুন ভাড়া কার্যকর করে পরিবহন মালিকেরা।


বর্ধিত ভাড়া নিয়ে রাজধানীর বিভিন্ন সড়কে যাত্রীদের সাথে গণপরিবহন শ্রমিকদের বাকবিতণ্ডা চলছে। ডিজেলের দাম বাড়ানোর খবরে টানা তিনদিন অঘোষিতভাবে বন্ধ থাকার পর সোমবার পুনরায় রাস্তায় গণপরিবহন চালুর দিন থেকে ২৬ শতাংশ বর্ধিত ভাড়ায় গণপরিবহন চালানোর কথা রয়েছে। কিন্তু সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে গণপরিবহনগুলোতে। বেশিরভাগ পরিবহনে ২৬ শতাংশের পরিবর্তে ৫০ শতাংশ পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করার অভিযোগ উঠেছে। অধিকাংশক্ষেত্রেই এর সত্যতা মিলেছে।


বাড়তি ভাড়ার প্রথমদিনেই বিভিন্ন গণপরিবহনের হেলপার, কন্ডাক্টর ও ড্রাইভারের সাথে যাত্রীদের বাকবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনাও ঘটেছে। রাজধানীর বিভিন্ন সড়কে গণপরিবহনে এই চিত্র উঠে আসে।

ads
ads
ads

Our Facebook Page

↑